ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪৫

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির দপদপিয়া চৌমাথা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গ্রিনভিউ পরিবহনের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে কুয়াকাটা থেকে ঢাকাগামী গ্রিনভিউ পরিবহনের একটি বাস দপদপিয়া চৌমাথা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে কুয়াকাটাগামী আবির আব্দুল্লাহ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
সংঘর্ষে ঘটনাস্থলেই গ্রিনভিউ পরিবহনের হেলপার নিহত হন। এ সময় দুই বাসের অন্তত ৪৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে নলছিটি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত হেলপারের পরিচয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান বলেন, মুখোমুখি দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। ৪০/৪৫ জন আহত হয়েছে। আহতদের বরিশাল হাসপাতালে করা হয়েছে। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











