খুনি-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৫:৩৫
অ- অ+

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "খুনি-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে—এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে, আর না)। বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না।"

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে সরকারপ্রধান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, যে দেশে তারা পালিয়ে গেছে, সেটিই তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে দেশের মানুষের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তারা মানুষের অধিকার কেড়ে নিতে চায়। তবে জনগণ তাদের আর গুম-খুনের রাজনীতি করার সুযোগ দেবে না।

সরকার যখন সাধারণ জনগণের জন্য কাজ করার চেষ্টা করছে, তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, যে সন্ত্রাসী মহল ষড়যন্ত্র করছে, তারা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে এবং মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ আর ‘নিশিরাত ও ডামি নির্বাচন’ চায় না বলেও মন্তব্য করেন তিনি।

চব্বিশের গণ-অভ্যুত্থানের মতো সব দল-মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনে ফ্যাসিবাদবিরোধী সবাইকে এক হতে হবে। সন্ত্রাসী, হত্যার রাজনীতি ও তাবেদারি অপশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে ‘এনাফ ইজ এনাফ’ বলে জবাব দিতে হবে।

বক্তব্যে উত্তরাঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পুরো রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেবে সরকার। এর ফলে এই অঞ্চলে নতুন কলকারখানা গড়ে উঠবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস
গাজীপুরে ফের শ্রমিক অবরোধ
মানিকগঞ্জে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা শিশুপার্ক উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী