নিষিদ্ধ সংগঠনের সহিংসতার সংবাদ অতিরঞ্জিতভাবে প্রচার বন্ধে লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৪:২০
অ- অ+

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অগ্নিসংযোগ, বোমাবাজি ও নাশকতার সংবাদ গণমাধ্যমে যাচাইবিহীন, অতিরঞ্জিত ও জনমনে আতঙ্ক সৃষ্টিকারী পদ্ধতিতে প্রচার ও প্রকাশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং তথ্য সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়।

গত বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও ভাঙচুরের সংবাদ টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসব ঘটনা সম্পর্কে জনগণকে জানানো গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে যাচাইবিহীন তথ্য, উত্তেজনাপূর্ণ শিরোনাম, ভীতিকর দৃশ্য এবং একই ঘটনার অপ্রয়োজনীয় পুনঃপ্রচার জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে শিশু, নারী, শিক্ষার্থী, বয়স্ক ও শ্রমজীবী মানুষের মধ্যে অযথা ভীতির সঞ্চার হলে স্বাভাবিক জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ে।

নোটিশে স্পষ্ট করা হয়, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকার গণতন্ত্রের অপরিহার্য অংশ। তাই জননিরাপত্তাসংক্রান্ত সত্য সংবাদ প্রচার বন্ধ করা এই নোটিশের উদ্দেশ্য নয়। বরং অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার, প্রত্যক্ষ উসকানি ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন প্রতিরোধে আইনানুগ নির্দেশিকা জারি করাই এর মূল লক্ষ্য।

নোটিশে টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন পোর্টালগুলোকে সহিংসতার সংবাদ প্রচারের আগে তথ্যের যথাযথ যাচাই এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণে উপযুক্ত নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিতে প্রয়োজনীয় পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

নোটিশ প্রাপ্তির আগামী ৭ (সাত) দিনের মধ্যে এ বিষয়ে গৃহীত বা প্রস্তাবিত পদক্ষেপ সম্পর্কে না জানালে উচ্চ আদালতে (হাইকোর্টে) রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাশকতা ঠেকাতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে কড়া তল্লাশি
চট্টগ্রামে ড. ইউনূসের বাড়িতে দুর্বৃত্তদের আগুন, তদন্তে পুলিশ
পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস: ‘ভবিষ্যৎ সবার’ প্রতিপাদ্যে বিশ্বজুড়ে উদযাপন