নাশকতা ঠেকাতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে কড়া তল্লাশি

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত বুধবার (১৮ নভেম্বর) বেবিচকের পক্ষ থেকে এই বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়।
বেবিচক সূত্র জানায়, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নেওয়া প্রধান পদক্ষেপগুলো হলো:
• বিমানবন্দরের প্রতিটি প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা।
• বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে কঠোর তল্লাশি চালানো।
• বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা টহল বৃদ্ধি করা।বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের নিরাপত্তা নিশ্চিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের নিয়মিত টহল, নজরদারি ও যানবাহন তল্লাশি আরও বাড়াতে বলা হয়েছে। একইসঙ্গে বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দেশের যেসব অভ্যন্তরীণ বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব বিমানবন্দরেও রাতের বেলায় নিরবচ্ছিন্ন টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার কঠোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













