এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:৫৩
অ- অ+

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, বুধবার গভীর রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর বিজয়নগরে অবস্থিত এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে। মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় এসে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পার্ক করা গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে উঠলে তারা দ্রুত অটোরিকশাযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে এরই মধ্যে গাড়িটির একাংশ পুড়ে যায়।

যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন, সন্ত্রাসবাদ এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে দমিয়ে রাখা যাবে না।

তারা বলেন, আগুন-সন্ত্রাস করে ফ্যাসিবাদীরা আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে। আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি গোটা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে কী করছে নয়াদিল্লি?
বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
পিএইচডি অর্জন, নামের আগে ‘ড.’ ব্যবহারের অনুমতি পেলেন বিচারক তাজুল ইসলাম