বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:৩২
অ- অ+

বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।

বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ভারতফেরত যাত্রীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বেনাপোলের বিভিন্ন পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কলকাতা-ঢাকা রুটের সরাসরি বাস চলাচল করেছে। লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার ভোররাত থেকে বৃষ্টি এবং নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কারণে ভারতফেরত যাত্রীর সংখ্যাও কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যারা দেশে ফিরছেন, তাদের অনেকে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

শ্যামলী এন আর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কারণে কলকাতা-ঢাকা রুটের সরাসরি বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস গতকাল থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার কলকাতা থেকে আসা দুটি বাস বেনাপোল ছেড়েছে। ভারত থেকে ফিরে আসা অনেক যাত্রী ওই বাসে ঢাকায় গেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার কলকাতা থেকে চারটি বাস আসার কথা রয়েছে। সেগুলোতে গন্তব্যে যেতে ভারতফেরত যাত্রীরা কাউন্টারে অপেক্ষা করছেন। তবে সরাসরি কলকাতা-ঢাকা বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস বৃহস্পতিবারও বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টার ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, লকডাউনের কারণে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাস ছাড়া হচ্ছে না।

কাউন্টার ম্যানেজাররা জানান, বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর নিরাপত্তার কথা বিবেচনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কাউন্টার কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে বরিশালগামী বাস চলাচল করছে।

(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিএইচডি অর্জন, নামের আগে ‘ড.’ ব্যবহারের অনুমতি পেলেন বিচারক তাজুল ইসলাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫
সুনামগঞ্জে সাড়ে ৪ লাখ টাকা ভারতীয় ফুচকা,মোটরসাইকেল জব্দ 
হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু