সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ। গত চার দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, হাসপাতালে ভর্তি হওয়ার আগে খুলনায় একটি উৎসবে অংশ নিতে গিয়েছিলেন মামুনুর রশীদ। সেখান থেকে ঢাকায় ফেরার পরদিনই তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপর থেকেই আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে।
এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল এই গুণী শিল্পীকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানকার একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সে সময় ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে চলতি বছরের (২০২৬) ১৪ জানুয়ারি দেশে ফিরে আবারও নিয়মিত অভিনয়ে সক্রিয় হয়েছিলেন মামুনুর রশীদ।
১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এই শিল্পী বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন।
ষাটের দশকে ‘চেনামুখ’ নাটকের মাধ্যমে টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। স্বাধীনতার পর ১৯৭২ সালে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম প্রধান নাট্যদল ‘আরণ্যক’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।
মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও সমান জনপ্রিয় মামুনুর রশীদ। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













