কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২

রাজধানীর কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৬০০টি ইয়াবা বড়ি, ছয় কেজি গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৮৮ হাজার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ২ হাজার ৫০০টি ইয়াবা বড়ি, ছয় কেজি গাঁজা ও নগদ টাকাসহ এবং অন্যজনকে ১০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
বুধবার ঢাকা মহানগরীর বনানী থানাধীন কড়াইল বস্তির জামাইবাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–মো. ইব্রাহিম খলিল (২৩) ও রমজান আলী (৩০)। এ ঘটনায় মো. সুজন মিয়া (৪১) ও শহীদ (৩৭) নামে আরও দুজন পলাতক রয়েছেন।
রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক নির্দেশনায় এবং ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে একটি দল কড়াইল বস্তির জামাইবাজারের মুক্তারের পানির ট্যাংকির গলিতে অভিযান চালায়। সেখানে মান্নান নামের এক ব্যক্তির বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া করা কক্ষে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০টি ইয়াবা বড়ি, ছয় কেজি গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৮৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে জামাইবাজার এলাকায় বাদল নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে রমজান আলীকে ১০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। তিনি পলাতক সুজন মিয়া ও শহীদের মাদক ব্যবসার ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পলাতক সুজন মিয়া ও শহীদ কড়াইল বস্তির বিভিন্ন স্থানে মাদকের কারবার পরিচালনা করতেন। তাঁরা সেখানে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি করতেন বলে অধিদপ্তরের দাবি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় দুটি মামলা করা হয়েছে। অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল হক খাঁন ও উপপরিদর্শক মো. আবির হাসান মামলা দুটির বাদী হয়েছেন।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












