গোপালগঞ্জ থেকে ফেনী, ১০ দিনের মাথায় এসপি হাবীবুল্লাহকে খাগড়াছড়ি এপিবিএনে বদলি

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ-সমাবেশের মধ্যে বদলি হয়েছিলেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ। গোপালগঞ্জ থেকে তাকে ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ১০ দিনের ব্যবধানে এবার তাকে ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
সম্প্রতি গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে থানা পুড়িয়ে দেওয়ার ঘটনাসহ বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছে।
এ পরিস্থিতিতে কয়েক দিন ধরে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। বুধবার জেলাটিতে ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













