গভীর সমুদ্রে টহল ও জলদস্যুতা দমনে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী ইতালি

সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা, গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়ানো এবং জলদস্যুতা দমনে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। এ ছাড়া সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দিয়েছে দেশটি।
এ লক্ষ্যে ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেছেন ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। বুধবার বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের অংশ হিসেবে ২২ নভেম্বর বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে যান ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট। সেখানে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
সফরকালে তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসব বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা এবং বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সফরের তৃতীয় দিনে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট চট্টগ্রামে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনের বিভিন্ন অপারেশনাল সক্ষমতা ও বোট ওয়ার্কশপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জোনের সার্বিক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং নেন।
সফরে গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ ও যৌথ মহড়ার বিষয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। তিনি সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ (মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস), আকাশপথের প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
২৫ নভেম্বর সফর শেষে বাংলাদেশ ত্যাগ করেন ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি পেশাগত দক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং সামুদ্রিক অপরাধ দমনে দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










