সিলেটের আবাসিক হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৮
অ- অ+

সিলেট নগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরের জল্লারপাড় এলাকার ‘গ্র্যান্ড প্যালেস’ হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির দুই ভাই আমিনুর রহমান ও আবদুস শুকুর এবং তার সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল গ্র্যান্ড প্যালেস হোটেলে ওঠেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে হোটেলটি ঘিরে ফেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এরপর টানা প্রায় পাঁচ ঘণ্টা ধরে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "গোপন সংবাদ ছিল যে ওই হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে তল্লাশি চালানো হয়। পরে পরিচয় নিশ্চিত হয়ে চারজনকে আটক করা হয়েছে।"

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪
ভাটারায় মহিলা আ.লীগ নেত্রী সাজেদা ও সাবেক কাউন্সিলর নজরুলের সহযোগী আতাউর গ্রেপ্তার
দুই দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
মৃত ব্যক্তির ব্যাংক আমানত: নমিনি, নাকি উত্তরাধিকারী পাবেন —আইনের দ্বন্দ্বে সমাধানের পথ