দুই দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

টানা দুই দফা দাম বাড়ার পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দর:
• ২২ ক্যারেট: ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।
• ২১ ক্যারেট: ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা।
• ১৮ ক্যারেট: ২ হাজার ৩৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা।
• সনাতন পদ্ধতি: ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট যুক্ত রয়েছে, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। এ ছাড়া পুরনো অলঙ্কার এক্সচেঞ্জ (বদল) করার ক্ষেত্রে মজুরি ও পাথর বাদ দিয়ে ৯ শতাংশ এবং পারচেজের (বিক্রি) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
এর আগে টানা দুই দিন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সবশেষ গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়। তার আগের দিন সোমবার (২৩ নভেম্বর) বাড়ানো হয়েছিল ৩ হাজার ১৪৯ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।
(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













