দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৯:২৭
অ- অ+

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময়ে গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য ৭ কোটি ৬ লাখ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ সময় ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

দ্বিতীয় দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা ছাড়িয়ে প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত ছিল।

প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহ দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতিরও উল্লেখযোগ্য অর্জন।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহের সময় বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, ‘দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, আমাদের প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।’

তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় এনপিসিবিএল প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বহুমুখীকরণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক ৩ স্থানে গুলিবর্ষণ
ভূয়া ফ্যামিলি কার্ড দিতে গিয়ে হরিণাকুণ্ডুতে নারী আটক
মির্জাপুরে ২০ অবৈধ দোকান উচ্ছেদ
সরানো হলো কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানকে