বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির লক্ষণ ও ভবিষ্যতে চাহিদার তুলনায় জোগান বেশি হওয়ার পূর্বাভাসে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দর গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। খবর আরব নিউজ’র।
ডয়চে ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, অক্টোবরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মজুত ৫ কোটি ২০ লাখ ব্যারেল বেড়েছে। অর্থাৎ, ওই মাসে প্রতিদিন চাহিদার তুলনায় গড়ে প্রায় ১৭ লাখ ব্যারেল বেশি তেল সরবরাহ হয়েছে। এ ছাড়া অবৈধ গোষ্ঠীর বাধায় বন্ধ থাকা লিবিয়ার ‘শারারা’ তেল পাইপলাইন পুনরায় চালু হওয়ায় সরবরাহ পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। রয়টার্সের এক প্রাথমিক জরিপেও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি পণ্যের মজুত বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে।
সরবরাহ বাড়ায় দাম কমলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে শঙ্কা এখনো কাটেনি। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির তথ্যমতে, সোমবার হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। পাশাপাশি প্রায় ৫০টি জ্বালানিবাহী ট্যাংকারে সাইবার হামলার পেছনে ইরানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করছেন মার্কিন কর্মকর্তারা।
ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুব্রো সরকার বলেন, "হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা থাকলেও তেলের সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতি না হওয়ায় নতুন করে অবরোধের শঙ্কা রয়েছে, যা যেকোনো সময় তেলের দাম আবার বাড়িয়ে দিতে পারে।"
অন্যদিকে, এএনজেড ব্যাংকের জ্যেষ্ঠ পণ্যবাজার বিশ্লেষক ড্যানিয়েল হাইনস মনে করেন, তেলের বাজার চরম সংকট থেকে কিছুটা বেরিয়ে এলেও পরিবহন ও সরবরাহব্যবস্থায় এখনো নানা বাধা রয়ে গেছে। ফলে বাজার পুরোপুরি স্বাভাবিক না হয়ে দীর্ঘ সময় ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারে।
(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













