জামালপুরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার ইএলটি ব্রিকস ও বিসমিল্লাহ ব্রিকস নামের দুটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
জামালপুর পরিবেশ অধিদপ্তর ও মেলান্দহ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জিন্নাতুন আরা বলেন, অবৈধভাবে পরিচালনা করে আসছিলো ইটভাটাগুলো। দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণ রোধ এবং ইটভাটার অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ.কে. এম. ছামিউল আলম কুরসি, ফায়ার সার্ভিসের সদস্য এবং মেলান্দহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










