রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫
অ- অ+

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এই বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এই সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি দিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর দীর্ঘ প্রতীক্ষা ও কারিগরি প্রস্তুতি শেষে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হয়। প্রথম দফায় প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা সরবরাহ করা হয়েছিল, যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। পরে রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম গ্রিড সংযোগের সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। সেই পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় গ্রিড সংযোগ দেওয়া হলো। এবারও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

তিনি আরও বলেন, পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন বাড়ানো বা কমানো হবে এবং কোনো কোনো পরীক্ষার স্বার্থে ইউনিটটি সাময়িকভাবে বন্ধও রাখতে হতে পারে। উৎপাদনের এই ওঠানামার সঙ্গে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আগামী গ্রীষ্মের আগেই পূর্ণ সক্ষমতায় উৎপাদনের লক্ষ্য:

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক আশা প্রকাশ করে বলেন, আগামী গ্রীষ্মের আগেই অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায় (প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট) জাতীয় গ্রিডে সরবরাহের সর্বাত্মক চেষ্টা চলছে। এটি সম্ভব হলে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমে আসবে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, গ্রিড সংযোগ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ও জাতীয় সঞ্চালনব্যবস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ হলেও এর অর্থ পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যাওয়া নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন শেষে প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করা হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে, যা পুরোপুরি চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা পাঁচ দিনের দরপতনের পর বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ৩
ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপানো কে এই সুইডেন আসলাম?
অর্থনীতির সংকট নাকি রাষ্ট্রের সক্ষমতার পরীক্ষা: বাংলাদেশের সামনে কঠিন পুনর্গঠনের সমীকরণ