জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক শুরু মঙ্গলবার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ১৭:১৫
অ- অ+

গুম, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে মামলাটিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।

রবিবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, মামলায় জিয়াউল আহসানের পক্ষে-বিপক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী মঙ্গলবার থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।

রবিবার আসামিপক্ষের হয়ে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এর মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণের সব পর্যায় শেষ হয়।

এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষের জেরা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপনের পর্ব শেষ হয়েছিল।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। রাষ্ট্রপক্ষের সর্বশেষ ও ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয় গত ১ অক্টোবর। দীর্ঘ জবানবন্দি ও আসামিপক্ষের জেরা শেষে গত বৃহস্পতিবার তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে গত ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের শাসনামলে জিয়াউল আহসানের সংশ্লিষ্টতায় শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার বিচার চলছে। মামলাটিতে একমাত্র আসামি তিনি।

জিয়াউল আহসান সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার তিনি ভার্চ্যুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নেন।

মঙ্গলবার থেকে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হলে মামলাটি বিচারপ্রক্রিয়ার শেষ পর্যায়ে প্রবেশ করবে। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর রায় ঘোষণার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। তবে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারে বিজিবি মহাপরিচালকের নির্দেশ
টেকনাফে শতাধিক আইইডি বোমা, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার, আটক ২
বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নড়াইলে ইউপি চেয়ারম্যান টিপু সুলতান গ্রেপ্তার