রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ১৫:৪১| আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৫:৪৮
অ- অ+

রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ট্রাকটির অর্ধেক পুড়ে গেছে। ট্রাকের মালিকের দাবি, আগুনে তার প্রায় ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে পাবলিক হেলথ মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকটির অর্ধেক পুড়ে যায়।

ট্রাকটির মালিক রফিকুল আলম জানান, রাতে তার ট্রাকটি দোকানের সামনে পার্ক করে রাখা ছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজে আগুনলাগার আগে সেখানে দুই ব্যক্তিকে দেখা গেছে। তার ধারণা, ওই দুই ব্যক্তি আগুন লাগানোর ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে ট্রাকটিতে আগুনের সূত্রপাত হতে পারে। এতে ট্রাকটির প্রায় অর্ধেক পুড়ে গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি বেশ কিছুদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় ট্রাকের মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকা টাইমস/২২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে ফের মহাসড়ক দখলের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ
উত্তরখানে গভীর রাতে দাঁড়িয়ে থাকা স্টাফ বাসে আগুন
‘হাঙামা’র শুটিং ফাঁসিয়ে ১৯ লাখ টাকা ক্ষতির মুখে নির্মাতা, পাভেলের বাসার নিচে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন
হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ