সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল

জাতীয় ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ আহ্বানে ইতিবাচক সাড়া দিয়ে আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে দলটির চার সদস্যের একটি প্রতিনিধি দল।
কাল দুপুরে অনুষ্ঠেয় এ বৈঠকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্য সফর শেষে আজ রবিবার বিকালে দেশে ফেরার কথা রয়েছে তার। দেশে ফেরার পর প্রতিনিধি দলের অন্য সদস্যদের নাম চূড়ান্ত করা হবে বলে এনসিপি সূত্রে জানা গেছে।
শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে দলটি ইতিবাচকভাবে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বার্তায় এনসিপি জানায়, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে দলটি।
জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির সঙ্গে আগামীকালের বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার এই সংলাপ শুরু হচ্ছে।
এনসিপির নেতারা জানিয়েছেন, বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়েছে, সেসব বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন তারা। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ নিয়েও কথা বলবেন। একই সঙ্গে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ দলটির পাঁচ দফা দাবি তুলে ধরবেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা এবং দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছে সরকার।
এর আগে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তবে তিনি বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমে আলাদাভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর সব দলকে নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হতে পারে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













