শিরোনাম :

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮
অ- অ+

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শনিবার (২১ নভেম্বর) উপত্যকাটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতে বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার নিয়ে যাওয়া একটি গাড়িতে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাদ্য ও পানীয় বিতরণের জন্য যাচ্ছিল একটি গাড়ি। এ সময় ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গাড়িটিতে আঘাত হানলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

প্রত্যক্ষদর্শী বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া বলেন, ‘গাড়িটি গরিব মানুষ, তাঁবুতে থাকা পরিবার ও বাস্তুচ্যুতদের জন্য খাবার ও পানীয় নিয়ে যাচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার জন্য গাড়িটি থামার ঠিক আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যারা মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে, তারাও এখন হামলার লক্ষ্যবস্তু।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, ক্ষতিগ্রস্ত গাড়িটির ভেতরে থাকা কাগজপত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগো দেখা গেছে। তবে ডব্লিউসিকে কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার শিকার গাড়িটি তাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল না।

শনিবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বদিকে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। পরে তাঁর মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি। আহতদের নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাজা সিটি থেকে আল জাজিরার ওই প্রতিবেদক জানান, গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ ফিলিস্তিনিদের জীবনে কোনো স্বস্তি ফেরেনি; ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ এখনো নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, তীব্র খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যেই শীতের বৃষ্টি ও বন্যায় গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু তলিয়ে যাচ্ছে। ফলে নতুন করে চরম মানবিক বিপর্যয়ে পড়েছেন হাজারো মানুষ।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে স্বর্ণের দামে রেকর্ড পতন, ভরিতে কমলো ৯২ হাজার টাকা
বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শিল্পকারখানায় আগুন, মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুর দাবি আইআরজিসির
কিশোরগঞ্জের পাগলা মসজিদে মিললো রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা
লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, এরপর কমবে তাপমাত্রা