মুকসুদপুর থানার অস্ত্র উদ্ধারে সাহসিকতা, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বিপুলসংখ্যক সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র নিরাপদে উদ্ধারে সাহসিকতার পরিচয় দিয়েছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ও তাঁর নেতৃত্বাধীন পুলিশ সদস্যরা। তাঁদের এই দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানা ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও যানবাহন পুড়ে যায়। এ ঘটনায় থানার অস্ত্রাগারে সংরক্ষিত অস্ত্রের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দেয়।
এমন পরিস্থিতিতে খবর পেয়ে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল মুকসুদপুর থানায় পৌঁছে। পরে ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে সেখান থেকে বিপুলপরিমাণ সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে নিরাপদে সংরক্ষণ করা হয়।
সংকটময় মুহূর্তে দায়িত্ব পালনে সাহসিকতা, বিচক্ষণতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় ওসি বাবলুর রহমান খানসহ তাঁর দলের সদস্যদের প্রশংসা করেছে ফরিদপুর জেলা পুলিশ। তাঁদের এ ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী তাঁদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিকূল পরিস্থিতিতে সমন্বিত উদ্যোগ, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে তাঁরা বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব এবং জননিরাপত্তা রক্ষার অঙ্গীকারের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের এ ভূমিকা জেলা পুলিশের জন্য গর্বের। ভবিষ্যতেও দেশ, জনগণ ও পুলিশের মর্যাদা রক্ষায় একই নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে গত ১৯ নভেম্বর মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি। পরে সালথা থানার সহকর্মী অফিসার ও ফোর্স নিয়ে মুকসুদপুর থানা থেকে সরকারি অস্ত্র ও গোলাবারুদ নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে স্থানান্তর করেন।
ওসি আরো বলেন, সংকটময় পরিস্থিতিতে তাঁর নেতৃত্বাধীন টিম সাহসিকতা, বিচক্ষণতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ও তাঁর দলের সদস্যদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
(ঢাকা টাইমস/২১নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










