শিরোনাম :

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৫
অ- অ+

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা জোরদার করতে আদালত প্রাঙ্গণের প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং নিরাপত্তা তল্লাশি কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৯ নভেম্বর প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশপথে নিয়মিত নিরাপত্তা তল্লাশি ও গেট নিয়ন্ত্রণ জোরদার করা প্রয়োজন।

গেট ব্যবহারের নতুন নিয়মাবলি:

• প্রবেশ ও বহির্গমন: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বের হওয়ার জন্য শুধু মাজার গেট এবং বার কাউন্সিল ভবনসংলগ্ন আউটার গেট ব্যবহার করা যাবে।

• শুধুমাত্র বহির্গমন: ন্যায় সরণি গেট দিয়ে কেবল আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়া যাবে; এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না।

• বন্ধ থাকবে: প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেটটি সার্বক্ষণিক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের সময় আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখতে হবে। প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা চাইলে তা প্রদর্শন করতে হবে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে আগত ব্যক্তিদের তল্লাশি করতে পারবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৫১ বস্তা টাকা
সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা
গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুনসহ মোট ১৫ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন