কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরবর্তী ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো দীর্ঘ ১৪৭ দিন (৪ মাস ২৫ দিন) পর খোলা হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদের ১০টি লোহার দানবাক্সসহ অতিরিক্ত ৫টি টিনের ট্রাঙ্ক খোলা হলে এতে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া যায়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাক্স খোলার পর টাকাগুলো বস্তায় ভরে মসজিদের দোতালায় নিয়ে যাওয়া হয়। সেখানে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৬০০ জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নেয়।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, এবার রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়ায় অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে। এর আগে চলতি বছরের ২৭ জুন দানবাক্সগুলো খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।
জানা গেছে, পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া অর্থ মসজিদের ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে এফডিআর হিসেবে রাখা হয়েছে। সবশেষ ২৭ জুনের প্রাপ্ত অর্থসহ ব্যাংক হিসাবে এ পর্যন্ত ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। এছাড়া মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান এসেছে।
এই তহবিলের লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি গরিব, অসহায়, অনাথ ও অসুস্থ মানুষ এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় অর্থ ব্যয় করা হয়।
পাশাপাশি আধুনিক তুরস্কের নকশায় ১০ তলা বিশিষ্ট আন্তর্জাতিক মানের ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৫০০ কোটি টাকা প্রাথমিক ব্যয়ে নির্মিতব্য এই কমপ্লেক্সে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
এদিকে গত ১২ অক্টোবর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ট্রেজারিতে সংরক্ষিত দানসিন্দুকের অলঙ্কার ও বৈদেশিক মুদ্রা গণনা করা হয়। এতে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার, ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার এবং ১৭টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা পাওয়া যায়। উল্লেখযোগ্য মুদ্রার মধ্যে রয়েছে—৫৭ হাজার ৪১৪ সৌদি রিয়াল, ২৯ হাজার ৬৬২ মালয়েশিয়ান রিঙ্গিত, ১৪ হাজার ২৪০ আমিরাত দিরহাম, ৮ হাজার ৫৭ মার্কিন ডলার, ৭ হাজার ৯৭৩ কাতার রিয়াল, ৭ হাজার ৬৭৫ কুয়েতি দিনার, ৫ হাজার ২৪৫ ইউরো, ৩৭ হাজার ৮৭৭ ভারতীয় রুপি ও ১ হাজার ২২০ ব্রিটিশ পাউন্ড।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, প্রাপ্ত স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ করে নিলামে বিক্রি করা হবে এবং বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে। উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ১১ মার্চ ৪২০ ভরি স্বর্ণ ও ১৮৮ ভরি রুপা নিলামে বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১১০ টাকা এবং বৈদেশিক মুদ্রা বিক্রি করে ৭০ লাখ টাকা পাওয়া গিয়েছিল।
(ঢাকাটাইমস/২১ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













