প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ: যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৩
অ- অ+

দেশেই ড্রোন উৎপাদন, সাইবার নিরাপত্তা জোরদার এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার মহাপরিকল্পনাকে সামনে রেখে আজ শনিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’। ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করেছিল। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতি বছর এই দিনে দিবসটি পালিত হয়।

আধুনিক যুদ্ধের কৌশল বদলে যাওয়ায় প্রচলিত অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার দিকে নজর দিচ্ছে বাংলাদেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে আকাশে ড্রোনের ব্যবহার, সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নজরদারি এবং স্যাটেলাইট প্রযুক্তির গুরুত্ব স্পষ্ট হয়েছে। এই বাস্তবতায় বাংলাদেশের ৫৫ বছরের সশস্ত্র বাহিনীর অভিযাত্রায় আধুনিকায়নের নতুন ছোঁয়া লেগেছে।

আগামী এক দশকে সেনাবাহিনীর আধুনিকায়নে প্রায় ৮৬ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। যশোরে কোর অব সিগন্যালস-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

সমুদ্রসীমায় নজরদারি বাড়াতে আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল ও সাবমেরিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

চতুর্থ প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বিদেশনির্ভরতা কমাতে দেশে ড্রোন উৎপাদন ও নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পাশাপাশি সাইবার নিরাপত্তানীতি পর্যালোচনা করা হচ্ছে।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, “আমি বিশ্বাস করি, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি।”

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে উল্লেখ করেন, বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, যা সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য ও গৌরবময় ঘটনা। এছাড়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দিনটিকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল দিন হিসেবে অভিহিত করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ফজরের নামাজ শেষে দেশের সব সেনানিবাস, নৌ ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন। পরবর্তীতে তিন বাহিনী প্রধানরা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। বিকেল ৪টায় সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। এতে সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত থাকবেন। ঢাকার বাইরে সাভার, চট্টগ্রাম, যশোর, বগুড়া, সিলেটসহ দেশের অন্যান্য সেনানিবাস ও ঘাঁটিতেও অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আজ রাজধানীতে র‌্যালির আয়োজন করেছে বিএনপি। সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হবে।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল
দোয়া ও মানবিক আয়োজনে তারেক রহমানের জন্মদিন উদ্‌যাপন
‘শেখ হাসিনার নির্দেশে বিজিবিকে পানি দিচ্ছে আ. লীগ’, এমন দাবি ভিত্তিহীন