কক্সবাজারে কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল বাইক আরোহী দুই ভাই

কক্সবাজারের মহেশখালীতে পথের মাঝে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন দুই তরুণ। গুরুতর আহত হয়েছেন বাইক আরোহী এক তরুণ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের রাজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার আকবর হাজীপাড়ার আব্দুস সালামের ছেলে ইকবাল হোসেন (২৫) ও একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. শাহীন (১৮)। সৌদি আরব প্রবাসী ইকবাল কয়েক দিন আগে দেশে আসেন।
আহত আব্দুল কাইয়ুম একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ও ফুফাতো ভাই।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইকবাল তার দুই ভাইকে নিয়ে মোটরসাইকেলে মাতারবাড়ির রাজঘাটের দিকে যাচ্ছিলেন। পথে তাদের চলন্ত মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে আরোহী তিনজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
ইকবালের চাচাতো ভাই মো. রিদুয়ান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ইকবালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান।
রিদুয়ান আরও জানান, আহত শাহীনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর আহত আব্দুল কাইয়ুম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি আব্দুস সুলতান বলেন, পুলিশ একজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অপরজনের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
একই পরিবারের দুই স্বজনের মৃত্যুতে উত্তর নলবিলার আকবর হাজীপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
(ঢাকাটাইমস/২০নভেম্বর/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













