শ্রমিক অসন্তোষের সুযোগে নাশকতার চেষ্টা, সতর্ক জিএমপি; গ্রেপ্তার ৮০

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ পরিস্থিতিতে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ৮ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীও রয়েছেন।
বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ।
জিএমপি কমিশনার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ৮ নভেম্বর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে কোনো মহল যাতে সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, হুকুমদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে বলেও জানান তিনি।
সংবাদ ব্রিফিংয়ে জিএমপি কমিশনার বলেন, বুধবার রাতে বাসন থানার ভোগড়া এলাকায় একটি চেকপোস্টে প্রাইভেটকার তল্লাশি করে পানির বোতলে রাখা প্রায় এক লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় মো. নাহিদ সরকার (৩৩) ও মো. আপন (১৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, নাহিদ সরকার গাজীপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। পেট্রোল বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মহাসড়কে চলাচলরত যানবাহনে আগুন দেওয়া এবং টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন। এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। নাশকতার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে শিল্পাঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলেও জানান জিএমপি কমিশনার। তিনি বলেন, এ ধরনের অপতৎপরতা সম্পর্কে পুলিশ সতর্ক রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া এবং সেগুলোকে কেন্দ্র করে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড এক করে দেখার সুযোগ নেই। শান্তিপূর্ণ শ্রমিক আন্দোলনের প্রতি সম্মান রেখেই জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছে।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আরও ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
সংবাদ ব্রিফিংয়ে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গাজীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













