আইসিজে’র রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে এ রায় নিয়ে জরুরি বৈঠক করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ ঘোষণা দেন। তিনি জানান, আইসিজের রায়ের পরপরই মিয়ানমারের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশটির সামরিক সরকারের ওপর আগে থেকে আরোপিত নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন এ ব্যবস্থা কার্যকর করা হবে।
এক বিবৃতিতে এড মিলিব্যান্ড বলেন, আইসিজের রায়ের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্য থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রায়টি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করা হচ্ছে।
মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এড মিলিব্যান্ড বলেন, মিয়ানমারের সামরিক সরকারের হাতে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের নিন্দা জানায় যুক্তরাজ্য। এসব অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে দেশটি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আইসিজে ও আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মিয়ানমারকে আদালতের রায় পুরোপুরি মেনে চলতে হবে। রায় বাস্তবায়ন, জবাবদিহি ও রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ভূমিকা রাখতে হবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আদালতের এই রায়ের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে যে এ ধরনের অপরাধ করে কেউ দায়মুক্তি পেতে পারে না।
এর আগে বৃহস্পতিবার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে চালানো সামরিক অভিযানের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক বিচার আদালত। রায়ে গণহত্যার অভিপ্রায়ে দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের যৌক্তিক ভিত্তি পাওয়ার কথা উল্লেখ করেন আদালত।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ওই অভিযানে হত্যা, যৌন সহিংসতা ও ব্যাপক নির্যাতনের অভিযোগ ওঠে। এসব ঘটনায় ২০১৯ সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












