বায়তুল মোকাররমে ইমামকে মিম্বর থেকে নামিয়ে মারধর, পলাতক সেই খতিব রিমান্ডে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বর থেকে টেনে নামানো, মুসল্লিদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরের মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক হাবিবুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
বিক্লে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না, অর্থের লেনদেন হয়েছে কি না এবং হামলায় কারা নেতৃত্ব দিয়েছেন, তা জানতে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এ ছাড়া হামলার পরিকল্পনা ও উদ্দেশ্য, ঘটনায় তার ভূমিকা এবং আহত মুসল্লিদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরে অন্য আসামিদের কার কী ভূমিকা ছিল, তা-ও তদন্ত করতে চায় সিআইডি।
যেভাবে ঘটেছিল হামলা
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ ঘটনা ঘটে।
ওই দিন ইসলামী ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। অভিযোগ রয়েছে, সাবেক খতিব রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। একপর্যায়ে তাকে মিম্বর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করা হয় এবং তার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়।
এজাহারে আরও বলা হয়, মুসল্লিরা বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। অন্য আসামিরাও বাদীসহ মুসল্লিদের মারধর করেন।
এ সময় বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। হামলায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। পাশাপাশি মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়। মামলাটির তদন্ত করছে সিআইডি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













