শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরসহ পাঁচ দাবিতে ৩৯ দিন রাজপথে থাকবে এনসিপি

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে টানা ৩৯ দিন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।
বৃহস্পতিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
এনসিপির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলেছেন। এনসিপিও সংসদে ও রাজপথে দলটির বিচার দাবি করে আসছে। তবে বর্তমানে কতিপয় ব্যক্তির বিচার হচ্ছে, আর সেই বিচারপ্রক্রিয়া ধীরগতিতে চলছে।
ঐক্যের বিষয়ে প্রধানমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন, তার ভিত্তি স্পষ্ট করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্যের প্রয়োজন অনুভব করে তাঁর দল।
গোপালগঞ্জের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে আখতার হোসেন অভিযোগ করেন, সেখানে থানায় হামলা, অস্ত্র লুট এবং দেশি অস্ত্র নিয়ে মহড়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের লোকজন মানুষের ওপর হামলা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসংযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য ড. আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত ও আকরাম হোসাইন সিএফ উপস্থিত ছিলেন।
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন। দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুম এমপিও সভায় উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













