বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে শ্যামনগর থানায় করা পাঁচটি মামলা। বাকি দুটি মামলা ২০০৬ সালে করা হয়। মামলাগুলোর মধ্যে হত্যা, ভাঙচুর ও চুরির অভিযোগ রয়েছে।
তবে কোন মামলায় তাকে আদালতে হাজির করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এস এম আতাউল হক দোলন শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এ ছাড়া তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











