‘জ্বালাও-পোড়াও করে সরকারকে স্তব্ধ করা যাবে না’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে ১২ দলীয় জোট। জোটের নেতারা বলেছেন, অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টি করে গণতান্ত্রিক সরকারকে স্তব্ধ করা যাবে না। অতীতের মতো ভবিষ্যতেও আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থাকবেন তাঁরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে জোটের নেতারা এসব কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন এবং দলটির কথিত নাশকতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা, হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। তাঁদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং লুটপাট চালানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পরও আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ হয়নি বলে দাবি করেন তারা।
নেতারা বলেন, ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে পলাতক আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের তৎপরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরও বিভিন্ন স্থানে গুপ্তভাবে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে কোনো লাভ হবে না। গণতান্ত্রিক সরকারকে এভাবে বাধাগ্রস্ত করা যাবে না।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকনের সভাপতিত্বে কর্মসূচিতে সঞ্চালনা করেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।
এতে বক্তব্য দেন জোটের মুখপাত্র ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন, বাংলাদেশ এলডিপির মহাসচিব মাহবুব মোর্শেদ হেলাল, জাতীয় পার্টি (কাজী জাফর)-এর সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র মো. শরিফুল ইসলাম এবং জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি কাজী ফয়েজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় সদস্য মো. আনিসুর রহমান, ন্যাশনাল ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলামসহ ১২ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













