পূর্বাচলে প্লট দুর্নীতির মামলা: ১৪ বছরের সাজাপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ২৩:১৬
অ- অ+

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে।

গত ১৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন আশফাক আজিজ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আশফাক আজিজ আদালতে আত্মসমর্পণ করে রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিন চান। একই সঙ্গে কারাগারে ডিভিশন সুবিধা দেওয়ার আবেদন করেন তার আইনজীবীরা। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত আশফাক আজিজসহ আটজনকে ১৪ বছর করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক ও মো. রেজাউল করিম তরফদার এবং এম এ হাসেমের আরেক ছেলে শওকত আজিজ রাসেল।

রায়ের বিবরণ অনুযায়ী, আশফাক আজিজ ও শওকত আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। প্রতিটি ধারায় তাদের সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রাজউকের সাবেক ছয় কর্মকর্তাকেও একই দুই ধারায় সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে বলা হয়, আসামিদের হাজতবাস মূল সাজা থেকে বাদ যাবে এবং দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে। তবে দণ্ডবিধির ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই ধারা থেকে তাদের খালাস দেওয়া হয়।

এ ছাড়া আশফাক আজিজ ও শওকত আজিজের নামে বরাদ্দ করা পূর্বাচলের সেক্টর-১-এর ৪০৫ নম্বর সড়কের ১১ ও ১৩ নম্বর প্লটের বরাদ্দ বাতিল করে প্লট দুটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, প্রভাব খাটিয়ে পূর্বাচলে ১০ কাঠা করে মোট ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ নেওয়া হয়। এ ঘটনায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে প্লট দুটি বরাদ্দ দিয়ে রাষ্ট্রের ক্ষতি করেছেন।

এদিকে একই মামলায় সাজাপ্রাপ্ত আশফাক আজিজের ভাই শওকত আজিজ গত ১ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। সেদিন আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ১০ নভেম্বর হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জ্বালাও-পোড়াও করে সরকারকে স্তব্ধ করা যাবে না’
আকস্মিক ত্রিশাল থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে আরও এক বছর থাকছেন গোলাম মোর্তোজা
শ্রমিক অসন্তোষের সুযোগে নাশকতার চেষ্টা, সতর্ক জিএমপি; গ্রেপ্তার ৮০