টানা দরপতনের মধ্যে আজ বাড়ল জ্বালানি তেলের দাম

টানা দরপতনের মধ্যে নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্নের ঘটনায় তেলের সরবরাহ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।
এ অবস্থায় শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯২ ডলার ২২ সেন্টে দাঁড়িয়েছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ১৮ মিনিটে এ দর রেকর্ড করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ডিসেম্বরের সরবরাহ চুক্তির দাম ১৯ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৮৩ ডলার ৪০ সেন্ট হয়েছে।
গতকাল বৃহস্পতিবার লেনদেন শেষে উভয় ধরনের তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম ৩ দশমিক ৫ শতাংশ কমার পথে রয়েছে। আর ডব্লিউটিআইয়ের ডিসেম্বরের চুক্তিতে দরপতনের পরিমাণ দাঁড়াতে পারে ৬ শতাংশ।
রাকুটেন সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক সাতোরু ইয়োশিদা বলেন, হুথিদের রিয়াদে হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তেল কেনার দিকে ঝুঁকছেন।
এ ছাড়া চলতি মাসের শেষ দিকে ওপেক প্লাসের বৈঠকে সমন্বিত উৎপাদন কমানোর সিদ্ধান্ত অব্যাহত থাকার প্রত্যাশাও তেলের দাম বাড়াতে সহায়তা করছে বলে জানান সাতোরু।
(ঢাকাটাইমস/২০নভেম্বর/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













