কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৬, ১৯:০৪
অ- অ+

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন– রামুর কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩১), তার বোন কাসফিয়া (২৪), কাসফিয়ার ১৮ মাস বয়সী ছেলে সাহিল এবং রুবেলের ছয় মাস বয়সী মেয়ে মাশ্রুফা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে কাটিরমাথা রেলক্রসিংয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই। এ ছাড়া সড়কের দুই পাশে বড় বড় গাছ থাকায় ট্রেন আসার বিষয়টি চালকদের পক্ষে সহজে দেখতে পাওয়া যায় না।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুদেস্তা বেগম রীনা দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ নিয়ে ভারতের নতুন বার্তা, যা জানালেন জয়সওয়াল
গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান: আইজিপি
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু