আবারও বিশ্বমঞ্চে উজ্জ্বল নাজিফা তুষি, জিতলেন সেরা অভিনেত্রীর পুরস্কার

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৬, ১৩:২৭
অ- অ+

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও সাফল্য পেলেন বাংলাদেশের অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। উৎসবের ১২তম আসরে ‘স্নো লেপার্ড’ পুরস্কারে ভূষিত হয়েছেন এই অভিনেত্রী।

এশিয়ার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শক ও হলিউডের চলচ্চিত্র অঙ্গনে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব। এই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ স্বীকৃতি ‘স্নো লেপার্ড’ পুরস্কার। এর আগে এ সম্মাননা পেয়েছেন ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ ও সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাজিফা তুষির নাম।

‘রইদ’ সিনেমার জন্য এটি তুষির দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছিলেন তিনি।

নতুন এই স্বীকৃতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নাজিফা তুষি বলেন, ‘আমার জন্য এটা অনেক খুশির সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার।’

তিনি আরও বলেন, ‘অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।’

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসা পাচ্ছে ‘রইদ’। ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার প্রতিযোগিতা’য় প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছিল সিনেমাটি। এ ছাড়া সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এটি। পাশাপাশি ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব এবং অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে ‘রইদ’।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাসপোর্ট-এনআইডির আবেদনে শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে সন্দেহ, সামনে এল যে তথ্য
আইসিজের রায় কার্যকর করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে সব পক্ষকে নিয়ে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অবরোধের চেষ্টা ঠেকিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখছে আনসার, মাঠে ৪২ প্লাটুন সদস্য