রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে সব পক্ষকে নিয়ে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গণহত্যার শিকার রোহিঙ্গাদের জন্য যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে সব বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক অংশীদারদের নিয়ে একযোগে কাজ করবে বাংলাদেশ। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ না থাকায় সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, অর্থের মাপকাঠিতে কখনোই মানুষের জীবনের মূল্য কিংবা রোহিঙ্গা পরিবারগুলোর অপূরণীয় ক্ষয়ক্ষতি পরিমাপ করা সম্ভব নয়। তবে বেঁচে থাকা রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরে নতুন করে জীবন গড়ে তুলতে পারে, সেজন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে বাংলাদেশ সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাবে।
আইসিজে-র রায় বাস্তবায়নের রূপরেখা প্রসঙ্গে হুমায়ুন কবীর উল্লেখ করেন, মামলার বাদী হিসেবে গাম্বিয়া যদি বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তবে সেখানে জোরালো ভূমিকা ও ফলো-আপ করবে ঢাকা। এ ছাড়া রায় কার্যকর করা এবং ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে জাতিসংঘের কাঠামোর ভেতরে একটি সমন্বিত বা ‘মাল্টি-এজেন্সি’ পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।
ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার এই রায় আন্তর্জাতিক আইনে একটি শক্তিশালী নজির তৈরি করেছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, এই আইনি ভিত্তিকে কাজে লাগিয়ে জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী দেশগুলোর সহায়তায় রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পথ সুগম করা হবে।
তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে তাড়াহুড়োর বিপক্ষে অবস্থান স্পষ্ট করে হুমায়ুন কবীর বলেন, রাখাইন রাজ্যে পর্যাপ্ত নিরাপত্তা বলয় বা ‘সেফটি নেট’ নিশ্চিত না করে তড়িঘড়ি করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো মোটেও নিরাপদ হবে না। রোহিঙ্গারা যেন নিজ বাসভূমিতে ফিরে নির্ভয়ে ও স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারে, বাংলাদেশ সেই বাস্তবসম্মত ও নিরাপদ প্রত্যাবাসনই নিশ্চিত করতে চায়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













