কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন: মায়ের পর মারা গেল দেড় বছরের শিশু মাহাবও

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ দেড় বছর বয়সী শিশু আর. এস. রহমান (মাহাব) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান বাজার এলাকার ‘কাঞ্চন টাওয়ার’ নামের ১০ তলা একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিশুসহ মোট পাঁচজন দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ওই ঘটনায় দগ্ধ আরও তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন—নিহত সাবার স্বামী ও শিশুটির বাবা বেসরকারি ব্যাংক কর্মকর্তা আবদুর রহমান মানিক (৬ শতাংশ দগ্ধ) এবং ওই ফ্ল্যাটে সাবলেট থাকা সামসুন নাহার (৪০ শতাংশ দগ্ধ) ও তাঁর মেয়ে সানজিদা ইসলাম (৩৭ শতাংশ দগ্ধ)। দগ্ধদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, আগের রাতে গ্যাস না থাকায় চুলা চালু অবস্থায় ভুলে বন্ধ করা হয়নি। রাতের কোনো এক সময় গ্যাস সরবরাহ শুরু হলে তা ঘরে জমে থাকে এবং পরদিন সকালে আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
(ঢাকাটাইমস/২১ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













