ভারতের ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম গায়েব, কী বলছে মার্কিন কমিশন?

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬
অ- অ+

ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের নিশানা করার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউএসসিআইআরএফ-এর চেয়ারম্যান আসিফ মাহমুদ এক বিবৃতিতে অভিযোগ করেন, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে এবং অবৈধভাবে দেশ থেকে বের করে দিচ্ছে। কমিশনের আরেক সদস্য জিন মিলস বলেন, নিজ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিমদের নিশানা করে দেশ থেকে বের করে দেওয়ার ঘটনা ভয়াবহ এক মাত্রা যোগ করেছে। এ পরিস্থিতিতে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভারতজুড়ে ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্ববৃহৎ এবং মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান। তথ্য-উপাত্তে দেখা গেছে, এ প্রক্রিয়ায় মুসলিমদের নাম তুলনামূলক বেশি বাদ পড়েছে।

এ নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে বিরোধী দল ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ভোট দেওয়ার সম্ভাবনা কম—এমন মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেছেন ছাত্রসংগঠনগুলোর সমর্থকেরা। এছাড়া বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপের সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা।

তবে বৈষম্য ও পক্ষপাতিত্বের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা অভিযোগ করে ইউএসসিআইআরএফ-কে ‘পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যা দিয়েছে এবং এসব মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে প্রত্যাখ্যান করেছে। ভারত সরকারের দাবি, খাদ্য ভর্তুকি ও বিদ্যুতায়ন কর্মসূচিসহ সরকারি সব নীতির সুফল সব সম্প্রদায়ের মানুষই পাচ্ছেন।

অন্যদিকে ভারতের নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে কেবল মৃত, স্থানান্তরিত, ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তি এবং একই ব্যক্তির একাধিক নাম বাদ দেওয়া হচ্ছে। ভুলবশত কারও নাম বাদ পড়লে আপিল করার সুযোগ রয়েছে।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের মতে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের ওপর বৈষম্য বেড়েছে। বিশেষ করে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব আইন, ধর্মান্তরবিরোধী আইন, কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং মুসলিমদের স্থাপনা ভেঙে ফেলার মতো বিষয়গুলো নিয়ে তারা উদ্বেগ জানিয়েছে। জাতিসংঘ ভারতের নাগরিকত্ব আইনটিকে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলেও অভিহিত করেছে।

এদিকে ইউএসসিআইআরএফ-এর সুপারিশ মানা মার্কিন সরকারের জন্য বাধ্যতামূলক নয়। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে নাগরিক অধিকারকর্মীরা যুক্তরাষ্ট্রের ভেতরেও সাম্প্রতিক বছরগুলোতে ইসলামবিদ্বেষ ও নির্বাচনি প্রচারে মুসলিমবিরোধী বক্তব্য বৃদ্ধির সমালোচনা করেছেন।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ: যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল