গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুনসহ মোট ১৫ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষায় গোপালগঞ্জ জেলায় অতিরিক্ত ৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর ফলে জেলাটিতে মোট মোতায়েনের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ প্লাটুনে। একই সঙ্গে দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও সমন্বিত মোতায়েন পরিকল্পনা অনুযায়ী সাতটি জেলায় দায়িত্ব পালনরত সদস্যদের মধ্যে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন মোতায়েন রয়েছে। এসব সদস্য জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আনসার ব্যাটালিয়ন সদস্যরা মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করছেন।
নিয়মিত টহল, স্ট্যাটিক ডিউটি, মোবাইল মুভমেন্ট এবং সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজন অনুযায়ী দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।
সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সর্বোচ্চ সতর্কতা ও জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও দেশের সম্পদ ও মানুষের নিরাপত্তায় দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে আনসার ব্যাটালিয়ন।
(ঢাকাটাইমস/২১ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











