মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সম্মানিত করে রাষ্ট্র দায় পূরণের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা সবসময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও তার দায় পূরণের চেষ্টা করছে।
বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের ‘বীরোচিত অভিনন্দন’ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক উপাধিতে ভূষিত হয়েছিলেন যোদ্ধারা। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব সবার পক্ষে অর্জন সম্ভব হয় না।”
লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কথা স্মরণ করে তিনি মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করেন এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেও গর্বিত, কারণ আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধা ও তাঁদের যেকোনো গৌরব ও সাফল্য আমাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।”
বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তারেক রহমান জানান, মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল।
সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত হলেও তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনো জ্বলজ্বল করছে বলে মন্তব্য করেন সরকারপ্রধান। দেশের এই জীবন্ত কিংবদন্তিদের প্রতিবছর আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর জন্য তিনি সশস্ত্র বাহিনী বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানান।
(ঢাকাটাইমস/২১ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












