শিরোনাম :

মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ২০:০৬
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর রবিউল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রবিউল হোসেন উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টার পর পাশের আড়াইপাড়া গ্রামে রাজিব চাঁনের বাড়িতে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রবিউল। রাত ১১টার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। অবশেষে শনিবার বিকেলে ওই গ্রামের একটি পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, ওরস মাহফিলে গান শোনাকে কেন্দ্র করে গেড়ামারা গ্রামের কয়েকজন ছেলের সঙ্গে রবিউলের মারামারির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। তবে ওই ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রবিউলের বোনজামাই জহিরুল ইসলাম বলেন, রবিউল অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। কয়েক বছর আগে তাঁর বাবা মারা যান। তিন বোন ও মায়ের একমাত্র ভরসা ছিলেন তিনি। রবিউলের এমন মৃত্যুতে তাঁর মা ও তিন বোন প্রায় দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে কলেজছাত্রের এমন রহস্যজনক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। কী কারণে এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।

(ঢাকা টাইমস/২১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুকসুদপুর থানার অস্ত্র উদ্ধারে সাহসিকতা, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি
জামালপুরে দুই মাদক কারবারির কারাদণ্ড
পুলিশের ওপর হামলার ঘটনায় নিন্দা, সাহসিকতার প্রশংসা পুলিশ অ্যাসোসিয়েশনের
নৈতিক শিক্ষা ছাড়া ভালো মানুষ হওয়া যায় না: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ