নৈতিক শিক্ষা ছাড়া ভালো মানুষ হওয়া যায় না: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

শ্রেণিকক্ষে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শ্রেণিকক্ষের নৈতিক শিক্ষা ছাড়া ভালো মানুষ হওয়া সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমিয়ে নিয়মিত শ্রেণিকক্ষে ফিরতে হবে।
শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজের নবীনবরণ, সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, কোচিংয়ে মূলত পরীক্ষায় পাসের কৌশল শেখানো হয়। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা পাঠ্যবইয়ের বাইরেও সমাজ, রাষ্ট্র ও জীবনবোধ সম্পর্কে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা দেন।
শ্রেণিকক্ষের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পেশাজীবীদের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে। চিকিৎসকের ভিজিট ছাড়া রোগী না দেখা কিংবা ঘুষ ছাড়া কাজ না করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের শ্রেণিকক্ষে জ্ঞানদানের কোনো বিকল্প নেই।
নাগরিক সচেতনতার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালে দেশে ফেরার পর রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবহৃত টিস্যু রাস্তায় না ফেলে পকেটে তুলে রেখেছিলেন। পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় শীর্ষ নেতৃত্বের এমন আচরণ সবার জন্য অনুকরণীয় হতে পারে।
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সুস্থ সংস্কৃতিচর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে পাথরাজ সরকারি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ সাজ্জাদ ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










