শিরোনাম :

পুলিশের ওপর হামলার ঘটনায় নিন্দা, সাহসিকতার প্রশংসা পুলিশ অ্যাসোসিয়েশনের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ১৯:৪৭
অ- অ+

গোপালগঞ্জের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের ওপর সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে মুকসুদপুর থানা থেকে সরকারি ও সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র উদ্ধার করে ফরিদপুরে নেওয়ায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানের প্রশংসা করেছে সংগঠনটি।

শনিবার বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। হামলাকারীরা থানা ভবন ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি থানা চত্বরে থাকা পুলিশের ৯টি গাড়ি ও প্রায় ৩০টি মোটরসাইকেলে আগুন দেয়। এ সময় থানায় সংরক্ষিত পুলিশের নিজস্ব অস্ত্র এবং সাধারণ মানুষের জমা দেওয়া বেশ কিছু অস্ত্র লুট করা হয়। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হন।

এ ঘটনায় থানার অবকাঠামো, যানবাহন ও সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি অস্ত্র লুটের ঘটনা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১৮ নভেম্বর রাতে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত একটি হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু পুলিশ বাহিনীর ওপর আঘাত নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও আইনের শাসনের প্রতি সরাসরি হুমকি।

পুলিশ অ্যাসোসিয়েশন বলেছে, থানা, পুলিশ ফাঁড়ি, পুলিশের যানবাহন ও অস্ত্রশস্ত্রসহ সরকারি সম্পদ জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহৃত হয়। এসব সম্পদ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়; বরং রাষ্ট্র ও জনগণের সম্পদ। ফলে এসব সম্পদ ভাঙচুর ও ধ্বংস করা মানে জনগণের নিরাপত্তাব্যবস্থাকে দুর্বল করা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে পুলিশের ওপর ৪৮৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চার পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পুলিশ সদস্যদের এভাবে হামলার শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ সদস্যদেরও জীবন, নিরাপত্তা ও আইনানুগ আত্মরক্ষার অধিকার রয়েছে।

সংগঠনটি বলেছে, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ যা-ই হোক না কেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সরকারি সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

অন্যদিকে, গত ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের পর সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দিয়েছেন ফরিদপুরের সালথা থানার ওসি পুলিশ পরিদর্শক মো. বাবলুর রহমান খান। তার নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স মুকসুদপুর থানার অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি ও সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে স্থানান্তর করেন।

এ ঘটনায় বাবলুর রহমান খানসহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সাহসিকতা, বিচক্ষণতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি। তাদের এ ভূমিকা পুলিশের অন্য সদস্যদের সাহস, মনোবল ও পেশাগত দায়বদ্ধতা বাড়াতে অনুপ্রেরণা জোগাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া দায়িত্ব পালনকালে সার্জেন্ট পুলিশ সদস্যদের ভিডিও ধারণ করে তা বিকৃতভাবে সম্পাদনা এবং বিভ্রান্তিকর তথ্য সংযোজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, গত ২ নভেম্বর চানখারপুলে সার্জেন্ট ফারজানা ইয়াসমিন ও আসাদ গেটে সার্জেন্ট মহিউদ্দিন, ২৯ সেপ্টেম্বর ৩০০ ফিট এলাকায় সার্জেন্ট শিহাব এবং ২৬ অক্টোবর ওয়ারী এলাকায় সার্জেন্ট কায়সার ভূঁইয়ার যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ধারণ ও অপপ্রচার চালানো হয়েছে। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সংশ্লিষ্ট সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ সদস্যদের ব্যক্তিগত সম্মানহানি এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে দাবি করেছে অ্যাসোসিয়েশন।

এসব ঘটনার নিন্দা জানিয়ে সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ সদস্যদের হয়রানি এবং তাদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতির শেষাংশে দেশের শান্তিপ্রিয় জনগণ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের প্রতি সহিংসতা, গুজব ও উসকানি পরিহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুকসুদপুর থানার অস্ত্র উদ্ধারে সাহসিকতা, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি
জামালপুরে দুই মাদক কারবারির কারাদণ্ড
মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ
নৈতিক শিক্ষা ছাড়া ভালো মানুষ হওয়া যায় না: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ