প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ার পরিকল্পনা সরকারের: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শনিবার (২১ নভেম্বর) সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হবে। এর মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
এ উদ্যোগ বাস্তবায়নে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া আরও সহজ করা হবে। প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে বলে জানান তিনি।
সভায় যুব উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে আগামী চার বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের কথা জানান আমিনুল হক। তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে এ পরিকল্পনা তৈরি করা হবে।
কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি প্রতিবেদন নেওয়া হবে। কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে আনতে দ্রুত ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে বলে জানান তিনি। এ ছাড়া কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি চার মাস পরপর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের ঘোষণা দেন। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেন।
সভায় আরও বেশি বেকার যুবককে প্রশিক্ষণের আওতায় আনা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের সক্রিয় করা এবং সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে আলোচনা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











