শিরোনাম :

কিশোরগঞ্জের পাগলা মসজিদে মিললো রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪
অ- অ+

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার অতীতের সব রেকর্ড ভেঙে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। নগদ টাকা ছাড়াও দানবাক্সগুলো থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দিনভর গণনা শেষে রাতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ।

এর আগে, প্রায় ৫ মাস পর শনিবার সকাল সাড়ে ৭টায় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। বাক্সগুলো থেকে অন্তত ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। পরে সেগুলো মসজিদের মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ।

প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে দিনব্যাপী এ গণনা কার্যক্রমে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। এর মধ্যে আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদরাসার প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দায়িত্ব পালন করেন।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, এর আগে সবশেষ চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। এবারের প্রাপ্ত অর্থ আগের সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের নিয়মিত ব্যয় নির্বাহের পর দানের অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখা হয়।

এছাড়া এবার টাকার পাশাপাশি পাওয়া গেছে এক বস্তা চিঠি ও চিরকুট। এসব চিঠির কোনোটিতে উঠে এসেছে ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে দালালের প্রতারণার শিকার হওয়ার বেদনা, কোনোটিতে প্রিয় মানুষের মনে জায়গা পাওয়ার আকুতি। আবার কেউ চেয়েছেন রোগমুক্তি, কেউবা চিকন ও সুন্দরী হওয়ার বাসনা প্রকাশ করেছেন।

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া চিঠি ও চিরকুট প্রসঙ্গে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, অল্প সময়ের মধ্যে মসজিদের দানবাক্স ভরে যাওয়ায় এবার আরও দুটি বাক্স স্থাপন করা হয়েছে। আগে ১৩টি দানবাক্স থাকলেও এবার রয়েছে ১৫টি।

তিনি বলেন, চিঠি ও চিরকুটের কারণে দানবাক্সে জায়গার সংকট তৈরি হয়। এ ছাড়া এসব চিঠি দানবাক্সে না দেওয়ার জন্য প্রতিবারই বলা হচ্ছে। অহেতুক চিঠির কারণে টাকা গণনার কাজে ব্যাঘাত ঘটে। পাশাপাশি গণনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সময়ও নষ্ট হয়।

কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক এই মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়—এমন বিশ্বাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে দান করেন। ফলে নির্দিষ্ট সময় পরপর দানসিন্দুক খুললেই বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শিল্পকারখানায় আগুন, মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুর দাবি আইআরজিসির
লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, এরপর কমবে তাপমাত্রা
টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের ভরি ২ লাখ টাকার নিচে নামল
শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস