টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের ভরি ২ লাখ টাকার নিচে নামল

টানা পতনের ধারাবাহিকতায় দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে প্রায় ১৩ মাস পর দেশের বাজারে স্বর্ণের ভরি ২ লাখ টাকার নিচে নেমে এলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সাড়ে ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববাজারে স্বর্ণের দরপতনের প্রভাবে স্থানীয় বাজারেও দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। এর আগে সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিল ১ লাখ ৯৪ হাজার টাকা।
উল্লেখ্য, এ নিয়ে গত ৯ দফায় দেশে স্বর্ণের দাম ভরিপ্রতি মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমল। এর মধ্যে শুধু গত শুক্রবারই (২০ নভেম্বর) একদিনে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছিল।
নতুন মূল্যতালিকা (প্রতি ভরি / ১১.৬৬৪ গ্রাম):
• ২২ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা (কমেছে ৬ হাজার ১৮২ টাকা)
• ২১ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা
• ১৮ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা
• সনাতন পদ্ধতি: ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকাস্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, নির্ধারিত এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত রয়েছে। ফলে গয়না কেনার সময় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না, তবে গয়নার নকশা অনুযায়ী মজুরি যোগ হবে। এছাড়া পুরনো গয়না পরিবর্তনের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে মোট মূল্য থেকে ৯ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়া হবে; এক্ষেত্রেও আলাদা করে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।
(ঢাকাটাইমস/২২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













