শিরোনাম :

সেন্টমার্টিন থেকে ট্রলারে ফিরলেন ৭ শতাধিক পর্যটক, আটকা আরও ৮ শতাধিক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ২১:২৮| আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২১:২৯
অ- অ+

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া দেড় হাজারের বেশি পর্যটকের মধ্যে সাত শতাধিক পর্যটক কাঠের ইঞ্জিনচালিত ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত দ্বীপে আট শতাধিক পর্যটক আটকে ছিলেন।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ১৬টি ট্রলারে কয়েক দফায় পর্যটকদের শাহপরীরদ্বীপে নিয়ে আসা হয়। প্রশাসনের নির্দেশনায় পর্যটকদের নিরাপত্তায় কোস্ট গার্ড সদস্যরা দায়িত্ব পালন করেন। তবে বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় পর্যটকবাহী জাহাজ চলাচল এখনো বন্ধ রয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, ১৯ নভেম্বর থেকে পর্যটকরা দ্বীপে আটকে ছিলেন। শনিবার সাগর কিছুটা শান্ত হওয়ায় প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে বড় কাঠের ট্রলারে পর্যটকদের ফিরিয়ে আনা হয়।

ফিরে আসা পর্যটকরা জানান, দুই দিন অতিরিক্ত অবস্থানের কারণে হোটেল ভাড়া, খাবার ও অন্যান্য খাতে বাড়তি অর্থ ব্যয় হয়েছে। পাশাপাশি আগে থেকে করা হোটেল বুকিং ও ফেরার টিকিট নিয়েও অনিশ্চয়তায় পড়তে হয়েছে তাদের। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগাম সতর্কতা না দেওয়ায় জাহাজ মালিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, পর্যটকদের কাছ থেকে জনপ্রতি ৩৫০ টাকা ভাড়া নেওয়া হয়েছে এবং নির্ধারিত ভাড়া থেকে ৫০ টাকা ছাড় দেওয়া হয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আটকে পড়া পর্যটকদের ভোগান্তি কমাতে রিসোর্ট মালিকদের কক্ষভাড়া অর্ধেক নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁগুলোকে খাবারের দামে ছাড় দেওয়ার অনুরোধ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে বাকি পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এতে দেড় হাজারের বেশি পর্যটক দ্বীপে আটকা পড়েন।

(ঢাকা টাইমস/২১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তথ্য অধিকার আইন ব্যবহারে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রী
পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন’
রাতের আঁধারে সংরক্ষিত বনে তালগাছ নিধন, এক সপ্তাহেও টের পায়নি বন বিভাগ