তথ্য অধিকার আইন ব্যবহারে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্যের যথাযথ ব্যবহার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ‘তথ্য অধিকার আইন, ২০০৯ ব্যবহারে সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলের আজিজ ভবনে তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন কমিটি ও দর্পণ টেলিভিশনের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দর্পণ টেলিভিশনের সহ-সম্পাদক মহসিন মুন্সী। প্রধান প্রশিক্ষক ছিলেন মমিনুর রশিদ শাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক তানভীর রাজা চৌধুরী, পূবালী ব্যাংকের কর্মকর্তা মাহমুদুল হাসান এবং মতিঝিল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মশিউর রহমান।
প্রশিক্ষণে তথ্য অধিকার আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা, তথ্য চেয়ে আবেদন করার নিয়ম, তথ্য প্রদানকারী কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য এবং নির্ধারিত সময়ে তথ্য না পেলে আপিল ও অভিযোগ দায়েরের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান প্রশিক্ষক মমিনুর রশিদ শাইন তথ্য অধিকার আইন ব্যবহার করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য সংগ্রহ, সরকারি দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিভিন্ন কৌশল তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে ব্যবহারিক আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিশেষ অতিথি তানভীর রাজা চৌধুরী ও পুলিশ পরিদর্শক মশিউর রহমান তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে এ আইনের যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। সাংবাদিকরা এ আইন ব্যবহার করে জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য সংগ্রহের পাশাপাশি অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বিশেষ অতিথি মাহমুদুল হাসান দর্পণ টেলিভিশনের ক্যাশলেস লেনদেন ও ক্রিয়েটিভ ইকোনমিতে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি তথ্যের অবাধ প্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্যে মহসিন মুন্সী বলেন, সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য তথ্য অধিকার আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতায় উৎসাহিত করবে।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইন সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এ আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সরকারি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব। এতে অনুসন্ধানী ও তথ্যনির্ভর সাংবাদিকতার পরিধি আরও বিস্তৃত হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩০ জনের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
(ঢাকা টাইমস/২১নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










