শিরোনাম :

ভারতে স্বর্ণের দামে রেকর্ড পতন, ভরিতে কমলো ৯২ হাজার টাকা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৮
অ- অ+

চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। সর্বশেষ লেনদেন শেষে দেশটির মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম নেমে এসেছে ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপিতে। জানুয়ারির রেকর্ড দামের তুলনায় ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) দাম কমেছে প্রায় ৬৮ হাজার ৬০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২ হাজার টাকার সমান।

আজ রবিবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে উঠেছিল। সেখান থেকে ধারাবাহিকভাবে কমে বর্তমানে তা ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপিতে দাঁড়িয়েছে, অর্থাৎ প্রতি ১০ গ্রামে দাম কমেছে প্রায় ৫৯ হাজার রুপি। একই চিত্র আন্তর্জাতিক বাজারেও; প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৬২৬ ডলার ৮০ সেন্টের রেকর্ড চূড়া থেকে প্রায় ২ হাজার ৮৭ ডলার কমে এখন ৩ হাজার ৫৩৯ ডলারে লেনদেন হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, মূলত তিনটি প্রধান কারণে স্বর্ণের বাজারে এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে—

১. যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি এবং সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা।

২. শক্তিশালী ডলারের প্রভাবে মার্কিন বন্ডের সুদহার উচ্চ পর্যায়ে থাকা।

৩. ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান বৃদ্ধি (সপ্তাহের শেষ লেনদেনে প্রতি ডলারের বিপরীতে রুপির বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৯২ দশমিক ৬৬)।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারবাজারে বড় দরপতনের কারণে বিনিয়োগকারীরা নগদ অর্থের জোগান নিশ্চিত করতে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতু বিক্রি করে দিচ্ছেন, যা বাজারে বিক্রির চাপ আরও বাড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের জন্য ৩ হাজার ৫০০ ডলার একটি গুরুত্বপূর্ণ সমর্থনস্তর (সাপোর্ট লেভেল)। দাম এই স্তরের নিচে নেমে গেলে শিগগিরই তা ৩ হাজার ৩০০ ডলারে এবং ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম ১ লাখ ১৭ হাজার ৫০০ রুপিতে নেমে আসতে পারে।

তবে ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ১ লাখ রুপিতে নেমে আসার আশঙ্কা নাকচ করে দিয়েছেন দেশটির এক বাজার বিশ্লেষক। তাঁর মতে, দেশীয় ও আন্তর্জাতিক উভয় বাজারেই বর্তমানে স্বর্ণ অতিরিক্ত বিক্রির (ওভারসোল্ড) পর্যায়ে রয়েছে, তাই দাম আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাই বেশি। আগামী ২৩ নভেম্বর প্রকাশিতব্য অক্টোবরের মার্কিন মূল্যস্ফীতির তথ্য ইতিবাচক হলে এবং ফেডারেল রিজার্ভ সুদের হার প্রত্যাশার চেয়ে কম বাড়ালে স্বর্ণের বাজারে পুনরায় বিনিয়োগকারীদের আগ্রহ ও দাম বাড়তে পারে।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৪
বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শিল্পকারখানায় আগুন, মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুর দাবি আইআরজিসির
কিশোরগঞ্জের পাগলা মসজিদে মিললো রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা
লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, এরপর কমবে তাপমাত্রা