উত্তরা-কমলাপুর মেট্রোরেল চলবে কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলরত মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজে ধীরগতির কারণে আবারও পিছিয়েছে উদ্বোধনের দিনক্ষণ। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাই মাসে মতিঝিল-কমলাপুর অংশে বাণিজ্যিক যাত্রী পরিবহন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রসারিত অংশের পূর্তকাজ ৮৪ দশমিক ৮৫ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ ৫৮ শতাংশ সম্পন্ন হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মূল অবকাঠামো ও স্থাপত্য সংশ্লিষ্ট কাজগুলো শেষ করার লক্ষ্য রয়েছে। ইতিমধ্যে ভায়াডাক্ট বা উড়ালপথের কাজ শেষে রেল ট্র্যাক স্থাপনের জন্য তা ঠিকাদারকে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি কমলাপুর স্টেশনের মূল অবকাঠামো নির্মাণ শেষে এখন অভ্যন্তরীণ ফিনিশিং, বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ নির্মাণের কাজ চলছে।
তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেই যাত্রী পরিবহন শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাণিজ্যিক চলাচলের আগে রেলপথ, বিদ্যুৎ সরবরাহ, সংকেত ব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়, প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, লিফট ও এসকেলেটর পুরোপুরি সচল করতে হবে। এরপর সমন্বিত পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন চালিয়ে সার্বিক নিরাপত্তা যাচাই করা হবে। মূলত এসব কারিগরি ও নিরাপত্তামূলক ধাপের অগ্রগতির ওপরই চূড়ান্ত উদ্বোধনের সময় নির্ভর করছে।
উল্লেখ্য, মতিঝিল-কমলাপুর অংশের কাজের ধীরগতির কারণে এর আগেও কয়েক দফা উদ্বোধনের সম্ভাব্য সময় পরিবর্তন করা হয়েছে। শুরুতে ২০২৭ সালের ১ জানুয়ারি এই অংশ চালুর কথা বলা হলেও পরে তা এপ্রিল-মে মাসে নেওয়া হয়। সর্বশেষ সেই সময়সূচি আরও পিছিয়ে ২০২৭ সালের জুলাইয়ে নির্ধারণ করা হলো।
(ঢাকাটাইমস/২২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












